অ জে য় চৌ ধু রী
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ একজন নায়িকার নাম তমা মির্জা। শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘নদীজন’ সিনেমায় ছায়া চরিত্রে অনবদ্য অভিনয় করে এই প্রতিভাময়ী কন্যা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। সেই একই পরিচালকের পরিচালনায় তমা মির্জা নতুন একটি সিনেমায় কাজ শুরু করেছেন। এবারের সিনেমার নাম ‘ফ্রম বাংলাদেশ’। সিনেমাটিতে তিনি অভিনয় করছেন সুফিয়া চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন আশীষ খন্দকার। নতুন ছবি প্রসঙ্গে তমা মির্জা জানান, এরইমধ্যে তার পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২৩ নভেম্বর থেকে আবারও তিনি এই সিনেমার কাজে অংশ নেবেন। কাকলীর সিনেমায় কাজ করা প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘কাকলী আপুর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ তার সিনেমাতে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। পরে আরো বেশ কয়েকটি অন্য নির্মাতার সিনেমায় কাজ করেছি। কিন্তু আমার আবারও তার সিনেমায় কাজ করার আগ্রহ ছিল। অবশেষে তিনি আমাকে ‘ফ্রম বাংলাদেশ’ সিনেমায় কাজ করার সুযোগ করে দিলেন। সত্যি বলতে কী, কাকলী আপু এমনই একজন নির্মাতা, যাকে আমি একটি স্কুল হিসাবে আখ্যা দিতে চাই। যেখানে শিল্পীরা কাজ করে নিজেদের অভিনয়কে আরো সমৃদ্ধ করতে পারে। আমিও তার নির্দেশনায় কাজ করে নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করছি, অভিনয়ের দুনিয়া সম্পর্কে আরো অবগত হচ্ছি। ‘ফ্রম বাংলাদেশ’ নিয়ে আমি দারুণ আশাবাদী।’ আগামী বছরের শুরুতে ‘ফ্রম বাংলাদেশ’ সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তমা মির্জা দুটি ভিন্ন চ্যানেলে নিয়মিত দুটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। দেশ টিভিতে তার উপস্থাপনায় প্রচারিত হচ্ছে ‘প্রিয়তমার প্রিয়মুখ’ এবং এশিয়ান টিভিতে প্রচারিত হচ্ছে ‘মেক মি বিউটিফুল’। যেহেতু তমা মির্জা ‘মমতাজ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং দুটো অনুষ্ঠানই প্রযোজনা করছে ‘মমতাজ’। তাই দুটি অনুষ্ঠানেরই উপস্থাপনা করছেন তিনি তার কাজের মধ্য থেকেই। কারণ অভিনয় করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অভিনয়েই নিজের ভালোলাগা খুঁজে পান। তমা মির্জা অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ও আমার দেশের মাটি’, ‘গেম রিটার্ন’, ‘ঘ্রাণ’, ‘এক মন এক প্রাণ’, ‘চল পালাই’, ‘ইভটিজিং’ ও ‘অহংকার’। তমা মির্জা অনেক বেশি আশাবাদী সাদাদ হোসেইন পরিচালিত ‘গহীনের গান’ সিনেমাটি নিয়ে। সিনেমাটি এরইমধ্যে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এই সিনেমায় নতুন এক তমাকে দেখতে পাবেন দর্শক। তাই এই ছবিটি নিয়ে তিনি মনের গহীনে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন।
