মা হ মু দু ল আ মি ন
মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা কয়েক বছর আগে ইদ্রিস হায়দারের পরিচালনায় ‘নীল ফড়িং’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। কিন্তু সিনেমাটি নানা কারণে মুক্তি পাচ্ছিল না। এর মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ডিসেম্বরে সিনেমাটির মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আফ্রি অভিনয় করেছেন প্রেমা চরিত্রে। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে আফ্রি বলেন, ‘এটি একটি অন্যরকম গল্পের সিনেমা। আমার সম্পূর্ণরূপে শেষ হওয়া এটাই প্রথম সিনেমা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে। এর মুক্তির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ এই সিনেমায় আমি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি মুক্তি পেলে আমার পথচলা আরো মসৃণ হবে।’ এদিকে এর মধ্যে নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন আফ্রি। প্রিন্স পরিচালিত ধারাবাহিকটির নাম ‘রৌদ্র ছায়ার কাব্য’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। এর আগেও অবশ্য আফ্রি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। তবে এবার ধারাবাহিকের গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে এই ধারাবাহিকের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলে তিনি জানান। সম্প্রতি আফ্রি সাকিব ফাহাদের নির্দেশনায় রবির একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও আলোচনায় এসেছেন। বিজ্ঞাপনটিতে তাকে দেখা যাবে একজন শিক্ষিকার ভূমিকায়। অলোক হাসানের ‘চিরকুট’ নাটকে অভিনয় করে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিলেন আফ্রি সেলিনা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘প্যারা ছাড়া লাইফ ইম্পসিবল’, ‘ভিএস ভার্সেস জিএফ’, ‘মেমোরি লস’, ‘একাকী’ ইত্যাদি। বাপ্পা মজমুদার ও ফাহমিদা নবীর কণ্ঠে ‘ভালোবাসি ভালোবাসি’ গানে মডেল হয়েও দারুণ প্রশংসা কুড়ান তিনি। এতে তার বিপরীতে ছিলেন এবিএম সুমন। এছাড়া তিনি আসিফের ‘আগুন’, কাজী শুভর ‘জড়াও মায়ায়’সহ আরো বেশকিছু ভালো ভালো গানে মডেল হিসেবে কাজ করেছেন।
