হুমায়ূন আহমেদের জনপ্রিয় ২৯টি বইয়ের নাম নিয়ে গান

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:৫৯

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন ছিল গত ১৩ নভেম্বর। বাংলার সাহিত্যে নতুন ধারার সৃষ্টির মাধ্যমে পাঠকদের মনে স্থান করে নিয়েছিলেন তিনি। এবারের জন্মদিনে হুমায়ূন আহমদেকে শ্রদ্ধা জানাতে সাউন্ডহ্যাকার তাদের প্রথম মৌলিক গান পরিবেশন করতে যাচ্ছে ড্যানকেক ও সাউন্ডহ্যাকার প্রেজেন্টস ‘কোথাও কেউ নেই’ শিরোনামে। গানটির কথাগুলো নেওয়া হয়েছে শুধু হুমায়ূন আহমেদের জনপ্রিয় ২৯টি বইয়ের নাম থেকে।  গানটির প্রসঙ্গে মোহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘যদি কেউ হুমায়ূন আহমেদের বইগুলো পড়ে থাকে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে গানের কথাগুলো তার বইয়ের নাম থেকে নেওয়া, তাছাড়া বোঝার উপায় নেই যে কথাগুলো হুমায়ূন আহমেদের বইয়ের নাম। গানটি শুনে তিনি শুধু অভিভূতই হননি, সঙ্গে বলেছেন এর থেকে আর কোনো ভালো উপায় তার জানা নেই হুমায়ূন আহমেদের প্রতি ভালোবাসা প্রকাশের।’ ড্যানকেক বাংলাদেশের হেড অব মার্কেটিং মিনহাজ হোসেন বলেন, ‘হুমায়ূন আহমেদ উপমহাদেশের অনেক সৃজনশীল চিন্তার কারিগর। ড্যানকেক সবসময় সৃজনশীল কাজকে প্রাধান্য দিয়ে থাকে, তাই ‘কোথাও কেউ নেই’ গানটির সঙ্গে শুরু থেকেই আছে এবং থাকবে।’ গানটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহসান হাবিব, ওস্তাদ ইয়াকুব আলী খান, জয় শাহরিয়ারসহ আরো অনেকে। ড্যানকেক ও সাউন্ডহ্যাকার প্রেজেন্টস ‘কোথাও কেউ নেই’ শিরোনামের গানটি লিখেছেন নীল মাহবুব এবং সুর-সংগীত করেছেন শরীফ সুমন ও অদিত। গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মাণও শেষ হয়েছে। রাজধানীর পুরোনো ঢাকার বিউটি বোর্ডিংয়ে গানটির দৃশ্যায়ণ করা হয়। গানটি গেয়েছেন এ প্রজন্মের দুই সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও তাসনিম আনিকা এবং গানটিতে মডেল হিসেবে ছিলেন নাহিদ আফরোজ সুমী। গানটির অনলাইন ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে রকমারী.কম। গানটিতে শাস্ত্রীয় ও ওয়েস্টার্ন মিউজিকের একটি মেলবন্ধন আছে, যে কারণে গানটি এক অন্যরকম দ্যোতনার সৃষ্টি করবে শ্রোতা-দর্শকের মধ্যে। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে গত ১০ নভেম্বর ‘সাউন্ড হ্যাকার’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।