মীর আনোয়ার হোসেন টুটুল
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে। মোহনা টেলিভিশনের ১০ বছর পূর্তি উত্সব উপলক্ষে মির্জাপুর উপজেলার মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ২ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার সকালে কলেজ রোডের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শাহ সৈকত মুন্না জানান, উপজেলার বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরিষাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। ২ দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন, এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বর্তমান ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুলন হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শামীম আল মামুন, শিক্ষক নেতা মো. সহিনুর রহমান খান, আল মামুন খান, সেলিম আল মামুৃন, ফরহাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
