বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় ফুল উত্সব

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৯:০১

মোহাম্মদ আরজু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় ফুল উত্সব অনুষ্ঠিত হয়েছে। গত ২ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের জেলা শিল্পকলা একাডেমি এ উত্সব অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এসআরএম উসমান গনি সজিব, যুগ্ম-সম্পাদক মো. মনির হোসেন। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ‘বিজয় ফুল উত্সবের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের সামনে সৃজনশীল কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা উপস্থাপন ও তাদের এই চেতনার সঙ্গে সম্পৃক্ত করা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে জাতির পিতার আদর্শে একটি অসাম্প্রদায়িক উন্নত দেশ গঠন করা। বিজয় ফুল উত্সবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সংস্কৃতিবান্ধব হিসেবে তৈরি হওয়ার পথ সৃষ্টি হবে। এবারের বিজয় ফুল উত্সবে জেলার ৯টি উপজেলা থেকে বিজয় ফুল তৈরি, আবৃত্তি, একক অভিনয়, চিত্রাঙ্কন, চলচ্চিত্র নির্মাণ, দলীয়ভাবে জাতীয় সংগীত ও দেশাত্ববোধ গানে শতশত শিশু অংশ নেয়।’