তীব্র খরায় জিম্বাবুয়েতে দুই শতাধিক হাতির মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৯:১৫

জিম্বাবুয়েতে গত দুই মাস ধরে চলমান খরায় পানির অভাবে দুই শতাধিক হাতি ও অন্তত ১০টি সিংহের মৃত্যু হয়েছে।  হাউঞ্জ ন্যাশনাল পার্ক ও মানা পুল বন্য প্রাণী সংরক্ষণ এলাকায় হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। 

বতসোয়ানা সীমান্তের কাছে জুতসুম গ্রামের নিকট অবস্থিত একটি বাঁধে জমে থাকা পানি ছিল এই অঞ্চলের বন্য প্রাণীর খাবার পানির মূল উৎস। তবে বাঁধের 

দেয়াল ভেঙ্গে পড়ায় ওই অঞ্চলে পানির উৎসগুলো নষ্ট হয়ে গেছে। ফলে পানির অভাবে গত কয়েকবছর  ধরে অনেক বন্য প্রাণীর মৃত্যু হয়েছে। 

বন্য প্রাণী সংস্থার মুখপাত্র তিনাশে ফারাউ সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, এই এলাকা থেকে দুই হাজার ইম্পালা, ৬’শ হাতি, ৪’শ জিরাফসহ অন্যান্য প্রাণীকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।  নভেম্বরের মাঝামাঝিতে প্রাণীগুলো স্থানান্তরের কাজ শুরু হবে। 

আরও পড়ুন: রাজনীতিতে শিষ্টাচার থাকতে হবে: কাদের

এদিকে প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, এই মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হলে আরও বেশি পরিমাণ হাতি মারা যেতে পারে।  

পানির অভাবে অনেক সময় হাতিগুলো লোকালয়ে ঢুকে পড়ছে। এসময় হাতিগুলো মানুষের উপরও হামলা চালাচ্ছে। চলতি বছর হাতির আক্রমণে অন্তত ৩৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন।  

জিম্বাবুয়েতে ৮৫ হাজার হাতি রয়েছে। হাতিসহ অন্যান্য প্রাণী রক্ষণাবেক্ষণে প্রতি বছর ৪০ মিলিয়ন ডলার প্রয়োজন।  বিশ্বব্যাপী বন্য প্রাণী প্রেমীদের সহায়তায় কেবল এর অর্ধেক খরচ যোগাড় করা সম্ভব হচ্ছে।  তাই হুমকির মুখে পড়েছে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী। 

ইত্তেফাক/এসইউ