সম্প্রতি প্রয়াত হলেন কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। দেশের সাংস্কৃতিক অঙ্গন তাকে হারিয়ে শোকে কাতর। তার প্রতি তিনদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতি এবং তিনদিনের জন্য স্থগিত করা হয়েছে সব চলচ্চিত্রের শুটিং।
চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘আমজাদ হোসেন আমাদের পথপ্রদর্শক। তার হাত ধরেই এদেশের অনেক শিল্পী আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। তাই আমরা তার প্রতি সম্মান জানিয়ে সব কাজ স্থগিত করেছি।’ আজ বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল শিল্পী সমিতি। সেটিও স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিএফডিসিতে চলছিল নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ ও মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ ছবি দুটির শুটিং। আমজাদ হোসেনের মৃত্যু সংবাদ শোনার পর তারা শুটিং বন্ধ করে দেন। আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে সব চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্রকার আমজাদ হোসেন শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে উন্নত চিকিত্সার জন্য প্রখ্যাত এই চলচ্চিত্রকারকে ২৭ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল বামরুনগ্রাদ হাসপাতালে। সেখানেই চিকিত্সারত অবস্থায় মারা যান ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।
