ছোটপর্দার বিজয় দিবস আয়োজন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:০৩

 ‘পোস্ট মাস্টার ৭১’

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘পোস্ট মাস্টার ৭১’ চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে আজ বিকেল ৩টা ০৫ মিনিটে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন আবীর খান ও রাশেদ শামীম স্যাম।

 

বৈশাখী টেলিভিশনে দুটি চলচ্চিত্র

বিজয় দিবস উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে দুটি চলচ্চিত্র। এরমধ্যে দুপুর ২টা ৪৫ মিনিটে ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা অভিনীত ‘সিপাহী’ এবং রাত ১২টায় রয়েছে শাকিব খান, একা ও মিজু আহমেদ অভিনীত ‘হুমকির মুখে’।

 

‘সাপখেলা’

 

নাগরিক টেলিভিশনের পর্দায় বিজয় দিবস উপলক্ষে প্রচার হবে বিশেষ নাটক ‘সাপখেলা’। নাটকটি প্রচার হবে আজ রাত ৯টায়। নাটকটিতে জাহিদ হাসানের স্ত্রী ও সহকারি পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। এছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু, আহসানুল হক মিনু প্রমুখ।

নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হুদা শাপলা এবং রচনা করেছেন মাসুম রেজা।

 

‘একাত্তরের মুক্তিযুদ্ধ’

 

১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা, ধর্ষণ ও লুটতরাজের মাধ্যমে বাঙালির চেতনাবোধকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে পাকিস্তানি হানাদার বাহিনী। অন্যদিকে বাঙালিরা সমস্ত নির্যাতন সহ্য করে নিজেকে প্রস্তুত করে মুক্তিযোদ্ধা হিসেবে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। হানাদার মুক্ত হয় বাংলার আকাশ-মাটি। বাঙালির বুকের ভেতরে লালিত স্বপ্ন সার্থক হয় একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার মাধ্যমে। বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ সন্ধা ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘একাত্তরের মুক্তিযুদ্ধ’। রওনক জাহানের উপস্থাপনায় এটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী।

 

‘বাবা আসবেন’

মহান বিজয় দিবস উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ একক নাটক ‘বাবা আসবেন’। আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবীব শাকিল। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, অরুণা বিশ্বাস, এটিএম রাসেল, ফখরুল বাশার মাসুম, জয়ী প্রমুখ।

সঙ্গীতানুষ্ঠান ‘একটি বাংলাদেশ’

 

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘একটি বাংলাদেশ’। এই অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল ও নন্দিতা। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।

 

‘হারানো বাড়ি’

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘হারানো বাড়ি’। নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১৩তম নাটক। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টায় চ্যানেল আইতে।

 

‘মুক্তির কথা বিজয়ের গান’

 

মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’। এটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনয় তারকা তারিন। ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানটিতে দেশাত্মবোধক এবং বিজয়ের গান গেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ৪ জন সঙ্গীতশিল্পী। তারা হলেন সৈয়দ আব্দুল হাদী, এ্যান্ড্রু কিশোর, রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর নান্দনিক চিত্রায়ন করা হয়েছে। অনুষ্ঠানটির নির্দেশনা দিয়েছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

 

‘অরুনোদয়ের গান’

 

মহান বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান ‘অরুনোদয়ের গান’। সঙ্গীত পরিবেশনায় রয়েছেন রফিকুল আলম, আবিদা সুলতানা, আলম আরা মিনু, সামিনা চৌধুরী ও রুমানা ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বিকাশ সরকার। এটি এসএ টেলিভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

 

‘জীবনযুদ্ধ’

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘জীবনযুদ্ধ’। সৈয়দ ইকবালের রচনা এবং এসআর মজুমদারের পরিচালনায় নাটকটিতে সাত্তার সাহেবের চরিত্রে লুত্ফর রহমান জর্জ, রাশেদ চরিত্রে জোভান এবং অর্চিতা চরিত্রে নুসরাত জান্নাত রুহী অভিনয় করেছেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন শেলী আহসান, তনুশ্রী তন্নীসহ অনেকে। নাটকটি আজ রাত ৮টা ৩০ মিনিটে এশিয়ান টিভিতে প্রচার হবে।