বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০০:৪৪

রাজধানীর যাত্রাবাড়ীতে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির বাসের ধাক্কায় মিলন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন তার পরিবারের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় থাকত। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধায়।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, গতকাল বেলা ১টার দিকে মায়ের হাত ধরে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হচ্ছিল মিলন। এ সময় একটি যাত্রীবাহী বাস শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার পর ঘাতক চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।