সাতক্ষীরায় অর্থ আত্মসাতের মামলায় ২ জনের জামিন না মঞ্জুর

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০২:৫১

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সফটওয়্যারসহ  মেশিনারিজ ও যন্ত্রপাতি ক্রয়ের নামে ভুয়া বিল ভাউচার দিয়ে পরস্পরের যোগসাজশে সরকারের কাছ থেকে ৬ কোটি ৬ লাখ ৯৯ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় দুই আসামির জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ-১ এর ভারপ্রাপ্ত বিচারক মোঃ শরিফুল ইসলাম এ আদেশ দেন।

জামিন না-মঞ্জুর হওয়া আসামিরা হলেন, ঢাকাস্থ পুরানোপল্টন এলাকার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুস সাত্তার সরকার ও দিনাজপুরের ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী আসাদুর রহমান।

আরো পড়ুন: বগুড়ার শজিমেক হাসপাতাল থেকে সদ্য ভূমিষ্ঠ শিশু চুরির অভিযোগ

এর আগে গত ৩১ অক্টোবর দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাধায়ক ডা. শাহজাহান আলীকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে দুদক খুলনা কার্যালয়ে এ মামলটি দায়ের করেন। মামলা নং-৯।

এ মামলার অন্য আসামিরা হলেন, ঢাকার সেগুনবাগিচার মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইণ্টারন্যাশনালের স্বত্বাধিকারী আহসান হাবীব, ঢাকার বেঙ্গল সাইন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানীর স্বত্বাধিকারী জাহের উদ্দীন সরকার ।

মামলার আসামি  আব্দুস সাত্তার সরকার ও আসাদুর রহমান স্বেচ্ছায় উক্ত আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা না-মঞ্জুর করেন এবং আসামিদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, দুদক সাতক্ষীরার পিপি এড, মোস্তফা আসাদুজ্জামান দিলু। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম