হুয়াইওয়ে কর্মকর্তার ন্যায়বিচারের প্রতিশ্রুতি কানাডার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:২২

যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যাংকুভারে আটক চীনা শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানির নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝু ন্যায়বিচার পাবেন বলে কানাডার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া  হয়েছে। একই সঙ্গে এই ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে চীনে আটক দুই কানাডিয়ান নাগরিককে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনে বৈঠক করেন। বৈঠকের পর কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, কর্তৃপক্ষ ‘নৈতিকতার সঙ্গে’ বৈধভাবেই মেং ওয়ানঝুর আটকের বিষয়টি দেখছে। যৌথ সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়া বলেন, ‘আমরা আইনের শাসন বহাল রাখার ব্যাপারে একমত। আমরা আইন অনুযায়ী মেং এর অধিকার নিশ্চিত করব। আমরা প্রমাণ করব যে কানাডার বর্তমান আইনি প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত।’

তিনি জোর দিয়ে বলেন, কানাডা আইনের শাসন অনুযায়ী চলে। যুক্তরাষ্ট্রের মেংকে হস্তান্তরের বিষয়টিতে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। নকানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কানাডায় এসব ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও বলেন, যুক্তরাষ্ট্রও সবক্ষেত্রেই আইনের শাসনের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল।

মেং হুয়াইওয়ের প্রধান অর্থ কর্মকর্তা। মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে হুয়াওয়ে ইরানের সঙ্গে লেনদেন করেছিল বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তাকে  গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য কানাডার প্রতি অনুরোধ জানায়।