কম্যুনিস্ট পার্টির অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে জয়ের ঘোষণা শি জিনপিংয়ের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

রয়টার্স

চীনের ক্ষমতাসীন দল চায়নিজ কম্যুনিস্ট পার্টিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি তিনি দলের গভীরে থাকা দুর্নীতি উপড়ে ফেলার অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কম্যুনিস্ট পার্টির সকল স্তর থেকে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শি জিনপিং। ২০১৭ সালে দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে তিনি দলের অভ্যন্তরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেন। গত শুক্রবার দলের পলিটব্যুরোতে শি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দুর্বার বিজয় হয়েছে।

২০১৮ সালের প্রথম নয় মাসে ৪ লাখ ৬৪ হাজার অভিযোগ তদন্ত করে ৪ লাখ ৬০ হাজার মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। শি বলেন, পার্টির নেতা এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি ব্যবস্থার উন্নয়ন চলতে থাকবে। গত মার্চে কম্যুনিস্ট পার্টির অভ্যন্তরে দুর্নীতির তদন্তের জন্য ন্যাশনাল সুপারভিজরি কমিশন গঠন করা হয়।