কর্নাটকে মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:২৬

বিবিসি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া অর্ধশতাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার চামারাজনগর জেলার মারাম্মা মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠানের পর ভক্ত ও সাধারণ মানুষকে টমেটো ভাত খেতে দেওয়া হয়। প্রসাদ হিসেবে দেওয়া ওই ভাত খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত প্রায় ৭০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের মধ্যে ১১ জনের অবস্থা ‘গুরুতর’ বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। মন্দিরের ওই ভাত ‘নষ্ট ছিল’ বলে ধারণা স্বাস্থ্য কর্মকর্তাদের। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করার কথাও জানিয়েছে। “আমাদের যে টমেটো ভাত দেওয়া হয়েছিল তাতে গন্ধ ছিল। যারা সেটি ফেলে দিয়েছিল তারা সবাই দিব্যি আছে। আর যারা খেয়েছি, তারা খাওয়ার পরই বমি করতে শুরু করে।’’ বলেন মারাম্মা মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ব্যক্তি।