কুর্দিদের বিরুদ্ধে বিমান হামলা, তুর্কি রাষ্ট্রদূতকে তলব ইরাকের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:২৬

রয়টার্স

বাগদাদে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে শুক্রবার তাকে ডেকে পাঠানো হয় বলে জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে উত্তর ইরাকে কুর্দি অবস্থানের ওপর হামলা চালায় তুর্কি যুদ্ধবিমান।

বাগদাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলবের কয়েক ঘণ্টা আগে দেশটির সামরিক বাহিনীর টুইটার বার্তায় জানানো হয়, ‘উত্তর ইরাকের জাপ, হাকুর্ক ও হাফতানিন অঞ্চল লক্ষ্য করে চালানো বিমান হামলায় বেআইনি ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) আট যোদ্ধা নিহত হয়েছে।’ তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকেকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে থাকে। তিন দশকেরও বেশি সময় ধরে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এই লড়াইয়ের কারণে প্রাণ হারিয়েছে প্রায় ৪০ হাজার মানুষ।

সীমান্তবর্তী অঞ্চল থেকে সশস্ত্র বিদ্রোহীদের উত্খাতে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের ঘোষণার অংশ হিসেবে উত্তর ইরাকে পিকেকে ঘাঁটিতে নিয়মিত অভিযান চালায় তুরস্ক। এছাড়া ওই অঞ্চলে স্থল সেনা অভিযানের হুমকিও দিয়েছে আঙ্কারা। তবে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা সব পর্যায়েই অগ্রহণযোগ্য এবং সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তার লঙ্ঘন ঘটিয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরাকের আকাশসীমা লঙ্ঘন ও কয়েকটি স্থাপনায় তুর্কি বিমানের হামলার নিন্দা জানাচ্ছে মন্ত্রণালয়।