চলতি বছরটা দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের কাছে একটু অন্যরকম। এ বছরই ৪০-এ পা দিয়েছে তারা। দীর্ঘ চার দশকের এ মাইলফলকে পৌঁছানোকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয় মাইলস। তার অন্যতম হচ্ছে ইউরোপ ভ্রমণের মাধ্যমে উদযাপন। সম্প্রতি অস্ট্রেলিয়া কনসার্টের মাধ্যমে শেষ হলো মাইলসের ৪০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক আয়োজন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া মিলে ২৮টি কনসার্ট করে মাইলস। যার মধ্যে ১৭টি যুক্তরাষ্ট্রে, ৭টি কানাডায় এবং ৩টি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়াতে। একটানা এত বড় বিদেশ সফর বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য এটাই প্রথম। অস্ট্রেলিয়ায় তিন কনসার্টের মাধ্যমে শেষ হয় তাদের এই সফর। অস্ট্রেলিয়ায় প্রথম কনসার্ট ছিল ১৯ অক্টোবর সিডনিতে, এরপর ২৬ অক্টোবর ব্রিসবেনে এবং ২ নভেম্বর মেলবোর্নে। ৪ মাসের এ ট্যুরে উত্তর আমেরিকার বাল্টিমোরে বঙ্গ সম্মেলনেও পারফর্ম করে মাইলস। এটা বাংলাদেশের কোনো ব্যান্ডের বঙ্গ সম্মেলনে প্রথম গাওয়া। চলতি বছরের ১৭ জনু এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশে কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্যান্ডটি। যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে শুরু হয়ে কানাডার পরে অস্ট্রেলিয়ায় মাধ্যমে শেষ হয় মাইলসের আন্তর্জাতিক সফর। এ বিষয়ে মাইলসের অন্যতম বোকাল ও গিটারিস্ট হামিন আহমেদ বলেন, ‘মাইলসের ৪০ বছর উপলক্ষে আমরা বলেছিলাম ওয়ার্ল্ড ট্যুর দিয়ে আমাদের উদযাপন শুরু করবো। সেটা খুব সুন্দরভাবেই সম্পন্ন করে দেশে ফিরেছি আমরা। ২১ জুন আমরা উড়াল দিয়েছিলাম। আর বাংলাদেশে ফিরেছি ৫ নভেম্বর। ৪ মাসে দেশের বাইরে মাইলস যে ভালোবাসা পেল তা দেখে অভিভূত আমরা। আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশে সবাই ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মাঝে তারা অফিস ছুটি নিয়ে মাইলসের কনসার্টে আসেন। হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি আমরা। দেশগুলোতে মাইলসের কেমন ফ্যান সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না।’ ওয়ার্ল্ড ট্যুরের পর এবার বাংলাদেশে আয়োজনের মাধ্যমে ৪০ বছর উদযাপন করবে মাইলস। সেটা খুব দ্রুতই সবাইকে জানানো হবে বলে জানান হামিন আহমেদ। ৪০ বছর ধরেই মাইলস সক্রিয়ভাবে গান করছে। এছাড়া তাদের রয়েছে ১১টি গানের অ্যালবাম। পাশাপাশি ৪টি বেস্ট অব অ্যালবাম প্রকাশ করেছে মাইলস। এরমধ্যে ভারত থেকে দুটি এবং যুক্তরাষ্ট্র থেকে দুটি। বাংলাদেশি ব্যান্ড হিসেবে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম শো করে মাইলস।
