ওয়ানডে র্যাংকিং

আবারো সেরা দশে মুস্তাফিজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:২৯

ওয়ানডে র্যাংকিংয়ে আবারো সেরা ১০-এ উঠে আসলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ওয়ানডে বোলারদের মধ্যে ১০ নম্বরে থাকা এই বাঁ-হাতির রেটিং পয়েন্ট এখন ৬৭১। এর আগে গেল নভেম্বরেও তিনি সেরা ১০-এ ঠাঁই পেয়েছিলেন। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন রশিদ খান। বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান ১৯ ও মাশরাফি বিন মুর্তজা ৩৩ তম অবস্থানে আছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে আছেন স্বাগতিক বাংলাদেশ দলের ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ ও দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডেতে মিরাজের র্যাংকিং ৪৮।

তিন ম্যাচের তিন ইনিংসে সমান ছয়টি করে উইকেট শিকার করেছেন মিরাজ ও মাশরাফি। মিরাজ ৯৮ ও মাশরাফি ১১৬ রান দেন। এর আগে টেস্ট সিরিজেও সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মিরাজ। বড় ফরম্যাটের লড়াইয়ে ১৫ উইকেট নেন মিরাজ।

ওয়ানডে সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৫ উইকেট শিকার করেন তিনি।

ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন সফরকারী দলের ওপেনার শাই হোপ। ৩ ম্যাচের ৩ ইনিংসে ২৯৭ গড়ে ২টি অপরাজিত সেঞ্চুরিসহ মোট ২৯৭ রান করেছেন তিনি। সিরিজের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১৪৬ রান করেন হোপ। তার ব্যাটিং দৃঢ়তায় ৪ উইকেটে স্মরণীয় এক জয়ের পাশাপাশি সিরিজে সমতা আনে ক্যারিবীয়রা। এরপর সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচে অপরাজিত ১০৮ রান করেন হোপ। তবে তার এই সেঞ্চুরি বিফলে যায়। কারণ ম্যাচটি ৮ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করে ক্যারিবীয়রা।

সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের তামিম ইকবালের। তিন ইনিংসে দু’টি হাফ সেঞ্চুরিতে ১৪৩ রান করেছেন তামিম। তৃতীয় থেকে পঞ্চম স্থান দখলে রেখেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মুশফিকুর রহিম ১৩৩, সৌম্য সরকার ১০৫ ও সাকিব আল হাসান ৯৫ রান করেন।