বিবিসির বর্ষসেরার পুরস্কার

আবারো আফ্রিকা সেরা সালাহ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩

স্পোর্টস ডেস্ক

মিসর ও লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ আবারো বিবিসির বিবেচনায় আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন। টানা দ্বিতীয় বছরের মতো অর্জনটি সম্ভব করার পথে তিনি পরাস্ত করেছেন মেহদি বেনাতিয়া, কালিদোউ কউলিবালি, সাদিও মানে ও থমার পার্তেকে।

ইংলিশ প্রিমিয়ার লিগের এই খেলোয়াড় গত মৌসুমে ৫২ খেলায় ৪৪ গোল করেন। পুরস্কারটি জিতে তিনি বলেন, ‘আবারো এটি জিততে পারা দারুণ এক অনুভূতি। আমি আনন্দিত এবং আগামী বছরেও আমি এটি জিততে চাই।’

মোহামেদ সালাহ গেলবার নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে সহায়তা করেন। এছাড়া জাতীয় দলের হয়ে বিশ্বকাপে দেন দুই গোল। এমনকি যে ম্যাচে জিতে মিসর ১৯৯০ সালের পর আবার বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে, তাতেও দুই গোল করেছিলেন তিনি।

সেসব স্মরণ করে মিসরিয়টি বলেন, ‘২০১৮ সালে অনেক সুখস্মৃতি আছে। অ্যানফিল্ডে রোমার বিরুদ্ধে (চ্যাম্পিয়ন্স লিগে) খেলাটি ছিল অবিশ্বাস্য। আমি গোল দেই এবং দলকে সাহায্য করি, যার ফলে লিগটির পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে দল। সেটা সবসময়েই দারুণ অনুভূতি।’

সালাহ জানান ২০১৯ সালের জন্য তার লক্ষ্য হলো ‘ক্লাবের হয়ে এমন কিছু জেতা যাতে সবাই শিহরিত হয়। আমি সবসময়েই নিজেকে দলকে সাহায্য করার জন্য কিছু জিততে তাগাদা দেই।’

বিবিসি এ বছরের পুরস্কারটি ঘোষণার আগে সাড়ে ছয় লাখ ভোট পায়। পুরস্কারটির ক্ষেত্রে এটি একটি রেকর্ড।

নাইজেরিয়ান জে-জে ওকোচার পর সালাহই হলেন প্রথম খেলোয়াড় যিনি টানা দ্বিতীয়বার আফ্রিকার সেরা ফুটবলার হলেন। একসময়ে চেলসিতে খেলা সালাহকে লিভারপুল ২০১৭ সালে ইতালির ক্লাব রোমা থেকে কিনে আনে। ২০১৬-১৭ মৌসুমে সিরি-আ ক্লাবটির হয়ে তিনি ১৫ গোল করেছিলেন। এছাড়াও জোগান দিয়েছিলেন আরো এগারোটিতে।

প্রিমিয়ার লিগে এসে লিভারপুলের হয়ে তার শুরুটাও ছিল দুর্দান্ত। প্রথম ২৪ খেলাতেই তিনি ১৯ গোল করেছিলেন। এরপর তিনি ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে ভেঙে দেন ২০১৩-১৪ মৌসুমে লিভারপুলের লুই সুয়ারেজ, ২০০৭-০৮ এ ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ১৯৯৫-৯৬ মৌসুমে অ্যালান শিয়েরারের করা ৩১ গোলের ক্লাব রেকর্ডটি। 

এর আগে আরো দুই মিসরিয় বিবিসির এই পুরস্কার জিতেছিলেন। তারা হলেন মোহামেদ বারাকাত (২০০৫) ও মোহামেদ আবুট্রিকা (২০০৮)। -বিবিসি