স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
বিশ্বকাপের এখন হাতে গোনা কয়েকটা মাস বাকি। এর আগে বাংলাদেশ আরও কয়েকটা ওয়ানডে ম্যাচ খেলবে; কিন্তু ঘরের মাটিতে বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে খেলে ফেললো বাংলাদেশ। খুব স্বাভাবিক ভাবেই এখন চোখ চলে গেছে বিশ্বকাপে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলছিলেন, আর কিছু না হোক এখন একটা আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে পারবে বাংলাদেশ।
বাংলাদেশের এই আত্মবিশ্বাসটা আসছে জয় থেকে। সর্বশেষ ১২টি ওয়ানডে সিরিজের মধ্যে ৮টিতেই জিতেছে বাংলাদেশ। মাশরাফির অধিনায়কত্বে আসা এই জয় যে দলকে বিশ্বকাপের জন্য একটা দারুণ আত্মবিশ্বাস দেবে তাতে অধিনায়কের সন্দেহ নেই, ‘১২টি সিরিজের মধ্যে ৮টি জিতলে যেটা হয় যে আত্মবিশ্বাস ভালো থাকে। পাশাপাশি অগ্রগতিও পরিষ্কার। এরপর নিউ জিল্যান্ড সিরিজ আছে। আমাদের জন্য সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। গতবার আমরা ওদের ওখানে গিয়ে হেরে এসেছি। আমার কাছে মনে হয়, এবার আমাদের দল আরও ব্যালান্সড। আমার বিশ্বাস, আগের বারের চেয়ে ভালো খেলব। বিশ্বকাপের জন্যও কিছুটা হলে আদর্শ হবে। যদিও কন্ডিশন কিছুটা ভিন্ন। তবুও ভালো হবে।’
বিশ্বকাপের আগে বাংলাদেশ টিম কম্বিনেশন নিয়ে অনেক কাজ করেছে। সেখানে বড় একটা পাওয়া সৌম্য সরকারের তিন নম্বরে নিজেকে থিতু করতে পারা। সেটা বলতে গিয়ে মাশরাফি বলছিলেন, ‘কালকেও বলেছিলাম যে সৌম্য আমাদের জন্য তিনে বা ওপেনিংয়েই আদর্শ। ডান-হাতি বাঁ-হাতি কম্বিনেশ, হয়তো অফ স্পিনারকে খেলতে ডান-হাতি ব্যাটসম্যানের সুবিধা হবে ভেবে ওকে তিনে খেলাচ্ছি; কিন্তু সৌম্য এখানেই সেরা। আজকে তার জায়গায় সুযোগ পেয়ে সেরাটা দিয়েছে।’
টিম কম্বিনেশন এই শেষ সময়ে বাজিয়ে দেখার উদ্দেশ্যে অনেক সময় ফর্মে থাকা খেলোয়াড়কেও বাইরে রাখা হচ্ছে বলে মাশরাফি বললেন। রুবেলের উদাহরণ দিয়ে অধিনায়ক বলছিলেন, ‘কম্বিনেশনের কথা বললাম, আজকে রুবেলও কিন্তু ছিল না। আগের ম্যাচে আমাদের সেরা বোলার ছিল। সাম্প্রতিক অতীতে রুবেল আমাদের সেরা বোলারদের একজন নিশ্চিতভাবেই। আজকে সাইফ নেমে ভালো করেছে। পুরো ব্যাপারটাই হলো বাস্তবায়নের, মাঠের ভেতর নার্ভ ধরে রেখে কে কেমন করতে পারে। আজ ম্যাচ জিতলে অনেক ভুলও লোকের চোখে আসে না।’
সবমিলিয়ে মাশরাফি মনে করেন, বিশ্বকাপের আগে যেমন দরকার, সেই সেরা স্কোয়াডটা বাংলাদেশ পেয়ে গেছে। এখন কোনো নাটকীয় দুর্ঘটনা না ঘটলে এখান থেকেই বিশ্বকাপ স্কোয়াড হবে বলে তার বিশ্বাস, ‘খুব ভালো কয়েকটি ব্যাপার আছে। মিরাজ এই বছর ধরেই খুব ভালো অবস্থায় আছে। হয়তো যখন টিম ম্যানেজমেন্ট ওকে নিয়েছিল, তখন তারাও এতটা আশা করেনি যে এতটা ভালো করবে। শুধু দেশে না, ওয়েস্ট ইন্ডিজেও ভালো করেছে।
আজকেও ভালো করেছে, জিম্বাবুয়ে সিরিজে করেছে। সৌম্য মোটামুটি থিতু হচ্ছে। ইমরুল আছে আশেপাশেই। ১৬-১৭ জনের একটি দল আছে, আমার কাছে মনে হয় ওরা যদি সবাই ফিট থাকে, কোনো দুর্ঘটনা না হয়, তাহলে বেশির ভাগ ক্রিকেটার এখান থেকে যাবে। কোনো ইনজুরি বা ফর্ম একবারেই বাজে না হলে। বিশ্বকাপের আগে আছেই হয়তো আর ৭টি ওয়ানডে। খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই।’
