‘রোনালদোহীন, তাই ভুগছে রিয়াল’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৩৬

স্পোর্টস ডেস্ক

লেফট ব্যাক মার্সেলো জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর শূন্যতা অনুভব করছে ইউরোপীয় চ্যাম্পিয়নরা। রোনালদো এ মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ার পর থেকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে বেশ প্রতিকূলতার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। 

রোনালদো সান্তিয়াগো বার্নাব্যুতে নয়টি দারুণ বছর কাটিয়ে গেল জুলাইয়ে জুভেন্তাসে পাড়ি জমান। ইতালীয় চ্যাম্পিয়নদের হয়েও বর্তমানে ছুটে চলেছেন দুর্বার বেগে। ১৫ ম্যাচে দশ গোল করে দলকে শীর্ষস্থান ধরে রাখতে দারুণ সহায়তা করেছেন। যার ফলে টানা অষ্টম শিরোপার কক্ষপথেই আছে তার দল।

অন্যদিকে রোনালদোর অবর্তমানে রিয়াল এই মৌসুমে লা লিগায় ১৫ ম্যাচে পাঁচটি হার এবং দুইটি ড্র নিয়ে রীতিমতো পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘জি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করলেও সেখানেও দগদগে ঘা হয়ে আছে সিএসকেএ মস্কোর কাছে দুইটি হার। মার্সেলো জানালেন রিয়াল ‘বিশ্বসেরা খেলোয়াড়’ এর শূন্যতা অনুভব করবে, এটা অনুমিতই ছিলো। কিন্তু ব্রাজিল লেফটব্যাকের বিশ্বাস শীঘ্রই তা কাটিয়ে উঠবে তার দল।  

‘ক্লাব দেল দেপোর্তিস্তা’কে মার্সেলো বলেন, ‘সে আমার সতীর্থ হবার সাথে সাথে আমার বন্ধুও, সে সার্জিও (রামোস) এবং লুকারও (মদ্রিচ) বন্ধু। যখন বিশ্বসেরা খেলোয়াড়টা আপনার দলে থাকবে না, আপনার দল তার শূন্যতাবোধ অনুভব করবে এবং এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলতে চাই না যে আমাদের দলের প্রতিটি জায়গায় বিশ্বের সেরা খেলোয়াড়রা নেই।’

হালে রোনালদোর শূন্যতায় ভুগলেও শীঘ্রই তা কাটিয়ে উঠবে রিয়াল মাদ্রিদ। এমনটাই আশা করছেন মার্সেলো। রিয়াল লেফটব্যাকের ভাষায়, ‘যে কোনো ক্লাবই নিজেদের দলে রোনালদোকে পেতে চাইবে, কিন্তু খেলোয়াড়দের আসা-যাওয়ার মাঝেও মাদ্রিদ মাদ্রিদই থাকবে।’