মানিকগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক তিন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:১৭

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে মানিকগঞ্জে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে রোহিঙ্গা নারীর স্বামী পরিচয়দানকারী রেজাউল কারিম ও শনাক্তকারী আইনজীবী মো. মনোয়ার হোসেনকে।

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাকসুদুর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে জান্নাত আক্তার নামের এক নারী পাসপোর্ট করতে আসেন। তার আবেদনে স্বামীর নাম দেন রেজাউল কারিম এবং পিতা আব্দুল হাই। সাটুরিয়া উপজেলার ২ নম্বর দিঘলীয়া ইউনিয়নের বেংরোই গ্রামে তাদের বাড়ি। আর জান্নাতের জন্ম দেখানো হয়েছে ২০০০ সালের ১০ জুন।

তিনি জানান, ঐ নারীর কথাবার্তায় সন্দেহ হলে তিনি তাত্ক্ষণিক রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধিত সার্ভারে অনুসন্ধান করেন। এতে দেখা যায়, পাসপোর্টের জন্য আবেদনকারী জান্নাত আক্তার আসলে রোহিঙ্গা নারী। তার প্রকৃত নাম আসমা, পিতা সিরাজুল হক। রোহিঙ্গা নিবন্ধিত নম্বর ১৪৩২০১৭১২১৩১৫৪৪১৫। জান্নাত নামে পাসপোর্ট করতে আসা আসমার জন্ম ৫ জানুয়ারি ২০০১। আসমা ২০১৭ সালের ১০ অক্টোবর টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হন। পরে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, রোহিঙ্গা নারী ও তার স্বামী পরিচয়দানকারী রেজাউল কারিম এবং শনাক্তকারী আইনজীবী মনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।