নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অস্তিত্ব থাকবে না —তথ্যমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:৫৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিদেশ থেকে সব সিদ্ধান্ত গ্রহণ ও সম্প্রতি বিএনপির কয়েকজন সিনিয়র নেতার দল ত্যাগের বিষয়টি তুলে ধরে বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অস্তিত্ব থাকবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত উস্তাদ আলাউদ্দিন খাঁর স্মরণসভায় তিনি এ কথা বলেন। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির কঠোর সমালোচনা করে দলটির রাজনীতিকে জনকল্যাণবিরোধী উল্লেখ করে তিনি বলেন, অদূর ভবিষ্যতে দলটি আরো সঙ্কুচিত হয়ে পড়বে। ড. হাছান বলেন, ‘বিএনপির নেতৃবৃন্দ, এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও দলের অভ্যন্তরীণ বিষয়ে নিজের মত প্রকাশের অধিকার নেই।’

সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উস্তাদ আলাউদ্দিন খার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই স্মরণসভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সব সিদ্ধান্তই বিদেশ থেকে আসে। ড. হাছান বলেন, ‘এ জন্য বিএনপির অনেক সিনিয়র নেতা দল ত্যাগ করছেন। বিএনপির এই বাস্তববিবর্জিত রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত।

সঙ্গীত জগতে উস্তাদ আলাউদ্দিন খাঁর অবদানের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, তিনি তার সৃজনশীলতা ও গানের জন্য সংস্কৃতি অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। 

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, কাজী মোর্শেদ কামাল, প্রচার সম্পাদক আকতার হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ও বঙ্গবন্ধু সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।