বদরগঞ্জে এক হালি পেঁয়াজের দামে দেড় হালি ডিম

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:০৭

বদরগঞ্জে এক হালি পেঁয়াজের দামে দেড় হালি ডিম পাওয়া যাচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতাসাধারণ। এ ছাড়াও আগে ছোটো-বড়ো হোটেল-রেস্তোরাঁগুলোতে ব্যাপকভাবে মুখরোচক খাবার পিঁয়াজি বিক্রি হলেও এখন তা শূন্যের কোঠায় দাঁড়িয়েছে। কারণ পিঁয়াজি তৈরির অন্যতম উপাদানই হলো পেঁয়াজ।

দাম অনেকটা নাগালের বাইরে যাওয়ায় দোকানদাররাও আর পিঁয়াজি তৈরি করছেন না। সরেজমিনে বদরগঞ্জ পৌরবাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ কেজিপ্রতি ২৭০ টাকায় আর দেশের বাইরের (বোল্ডার) পেঁয়াজ কেজিপ্রতি ২০০ হতে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাত্ এক হালি পেঁয়াজের দামে পাওয়া যাচ্ছে দেড় হালি (ছয়টি) ডিম।

পৌরশহরের বালুয়াভাটা মহল্লার বাসিন্দা জান্নাতুল বাকি জানান, কাঁচাবাজারের অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা বেশি হলেও সহনীয় পর্যায়ে রয়েছে। কিন্তু পেঁয়াজের দাম তো কিছুতেই পড়ছে না। বরং দিন দিন বেড়েই চলেছে। অনেকটা বাধ্য হয়েই বাসার জন্য এক পোয়া পেঁয়াজ (বোল্ডার) ৫৫ টাকায় কিনলাম।

তিনি বললেন, হিসেব করে দেখলাম এক হালি পেঁয়াজে অনায়াসে দেড় হালি ডিম পাওয়া যাচ্ছে। 

বদরগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) কনক রায় জানান, পেঁয়াজসংকটের কথা মাথায় রেখে আমরা এখন থেকেই কৃষকদের পেঁয়াজসহ মসলাজাতীয় ফসল চাষের জন্য উত্সাহিত করছি। যাতে ভবিষ্যতে এ ধরনের মসলাজাতীয় ফসলের সংকট রোধ করা যায়।