জয়পুরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

জয়পুরহাট প্রতিনিধি

‘বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ (কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ) শীর্ষক ৫০ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স  গতকাল শনিবার থেকে শুরু হয়েছে।

সরকারি শিশু পরিবারের প্রশিক্ষণ মিলনায়তনে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম শাহ্ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ময়নুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাশেম, প্রবেশন কর্মকর্তা শারমিন আকতার, শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মোঃ সোহেল রানা প্রমুখ। প্রশিক্ষণে অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ের ২৫ জন নারী ও ২৫ জন পুরুষ অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে ২৫ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণার্থী ২৫ জনকে ব্যবসা পরিচালনার জন্য ঋণ সহায়তা প্রদান করা হবে বলে জানান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম শাহ্।