ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলার কালিবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে সততা ডায়াগনস্টিক সেন্টার এবং একটি মুদিখানা দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার ভোর রাতে আছিবুর রহমান বাবলুর মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
মুদি দোকানের মালিক মনিরুল ইসলাম বলেন, আগুন লেগে তার মুদি দোকানের সব মালামাল পুড়ে গেছে। সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মেহেদী হাসান বলেন, তার কম্পিউটারসহ যন্ত্রপাতি ও ক্যামিক্যালস ভস্মীভূত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা থানা পুলিশের সহায়তায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সামছুল আলম বলেন, মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে এই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পাশে থাকা ওই ডায়াগনস্টিক সেন্টারে ছড়িয়ে পড়ে।
