চালের কলে ধান ভাঙানোর সময় চলন্ত মেশিনে আটকে সিলেটের কৃষক হাফিজ মিয়ার পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. আব্দুল মান্নান রোগীকে অনেকটাই সুস্থ করে তুলেছেন বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
ডা. আব্দুল মান্নান ইত্তেফাককে জানান, দুর্ঘটনার ৫ ঘন্টা পর রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টার অস্ত্রোপচারে রোগীর পুরুষাঙ্গ শরীরের সঙ্গে জোড়া লাগানো হয়। রোগী এখন অনেকটা সুস্থ আছেন। তবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রসঙ্গত, অস্ত্রোপচারের সময় অধ্যাপক ডা. আব্দুল মান্নানের সঙ্গে ছিলেন প্লাস্টিক সার্জারি, সার্জারি ও ইউরোলজি বিভাগের চিকিত্সক পল্লব, পমিপ, এহসান, সুমিত, আশরাফ ও মামুন। অ্যানেস্থেশিয়ায় ছিলেন ডা. শরীফ ও তার টিম।
