পেঁয়াজের ঝাঁজে যখন দিশেহারা স্বল্পআয়ের মানুষ তখন দুঃসংবাদ হয়ে এসেছে চালের দামও। গত দুই দিনের ব্যবধানে রাজধানীতে মানভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত।
গতকাল শুক্রবার রাজধানীর কাওরান বাজার ও মোহাম্মদপুরের কৃষি মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা জানান, দুই দিন আগে মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৪৪ থেকে ৫০ টাকায়। গতকাল তা ৫০ থেকে ৫৪ টাকায় বিক্রি হয়। এছাড়া ব্রি ২৮ কেজিতে তিন থেকে চার টাকা বেড়ে ৩৫ থেকে ৩৬ টাকায়, নাজিরশাইল ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
কাওরান বাজারের চাল ব্যবসায়ী বেলায়েত বলেন, আর কয়েক দিন পরই পুরোদমে আমন মৌসুম শুরু হবে। এখন চালের দাম বাড়ার কোনো কারণ নেই। তারপরও দাম বাড়ছে। মোকামে দাম বাড়ায় খুচরা ও পাইকারী বাজারেও দাম বেড়েছে বলে তিনি জানান।
