পেঁয়াজের ভবিষ্যত্

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৪৩

 

পেঁয়াজের দাম লাগামহীন! আর এমন পরিস্থিতিতে মানুষদের মাঝে একধরনের পেঁয়াজ ফোবিয়া কাজ করছে। যার ফলে আমূল পরিবর্তন আসতে পারে জীবনব্যবস্থাসহ পারিপার্শ্বিক অবস্থাসমূহের। কী হবে পেঁয়াজের দাম এমন বাড়তে থাকলে, তার কয়েকটি তুলে ধরলেন হেলাল নিরব

অর্ডার

‘চিনি ছাড়া এক কাপ চা দেন।’ এ কথার অন্যরূপ হিসাবে মানুষ তখন দামের কথা চিন্তা করে হোটেলে গিয়ে পেঁয়াজ ছাড়া মাছ ভুনা অথবা পেঁয়াজবিহীন পেঁয়াজু অর্ডার করবে।

তুলনা

‘ইলিশের দামে আগুন লাগছে, ছোঁয়া যায় না।’ প্রতিবছরের টক অব দ্য কান্ট্রি হওয়া এই কথাতেও পরিবর্তন আসবে। তখন মানুষ তাদের মানিব্যাগ হাতড়ে বলবে, ‘ইলিশের দামে পেঁয়াজ লাগছে, ছোঁয়া যাচ্ছে না’!

ডায়ালগ

কাউকে থ্রেট দিতে অথবা বাংলা সিনেমার পরিচিত ডায়ালগেও লাগতে পারে পরিবর্তনের ছোঁয়া। যেমন, ‘পেঁয়াজ দেখছ, পেঁয়াজের দাম শুনো নাই চাঁদু!’ অথবা সিনেমার নায়করা প্রেম নিবেদনের ক্ষেত্রে হাঁটু গেড়ে বলতে শোনা যাবে, ‘শান্তা, আমি তোমাকে পেঁয়াজের থেকেও বেশি ভালোবাসি।’ আর তখন দাম্ভিক নায়িকাকে নায়কের প্রেম প্রত্যাখ্যান করার সময় বলতে শোনা যাবে, ‘পেঁয়াজ ছিললে চোখ জ্বালাপোড়া করে, পানি আসে, সইতে পারবে? ছোটলোক!’

ত্রাণ

কোনো কোনো এলাকা বহুদিন পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়াতে অসুস্থ হয়ে পড়তে পারে। তাদের সেই অচল অবস্থা কাটাতে সরকার পেঁয়াজ বিতরণ করতে পারে। এমন সময়ে বিশ্ব খাদ্য সংস্থা অথবা বিভিন্ন রাষ্ট্রও দেশে পেঁয়াজের ত্রাণ সহায়তা পাঠাতে পারে।

পেঁয়াজের বাগান

অদূর ভবিষ্যতে বাড়ির ছাদে, ব্যালকুনিতে অথবা বাড়ির আঙ্গিনায় ফুল-ফল গাছের পরিবর্তে পেঁয়াজের চারা রোপন করতে পারে। সৌন্দর্য থেকে প্রয়োজন মেটাতে আগ্রহী মানুষের এসব কাজের জন্য সরকার থেকে পুরস্কৃত করাও হতে পারে।

শোবিজ

পেঁয়াজের বর্তমান ও ভবিষ্যত্ চিন্তা করে কবি জ্বালাময়ী কবিতা, সিনেমানির্মাতা সিনেমা, গায়কেরা গান, সাহিত্যিকেরা গল্প-উপন্যাস থেকে শুরু করে রহস্য গল্প বা গোয়েন্দা চরিত্র তৈরি করে ফেলবে। যাদের ধারালো কলমে ফুটে উঠবে পেঁয়াজের ভয়ানক দামের সব চিত্র!