v আপনি কি মশার যন্ত্রণায় অতিষ্ঠ? মশারি টাঙালেও সব মশা মশারির ভিতরে ঢুকে থাকে? আপনার জন্য রয়েছে সহজ সমাধান। আপনি মশারি টাঙিয়ে মশারির বাইরে ঘুমিয়ে থাকুন। মশা আপনার জন্য মশারির ভিতরে অপেক্ষা করতে থাকবে।
v মশা কি আপনাকে রক্তের জন্য কামড়ায়? তাহলে আর দেরি কেন? মাছ বা মাংস কাটার সময় রক্ত ফেলে না দিয়ে বাটিতে জমিয়ে রাখুন। মশা এসে বাটির রক্ত খেয়ে যাবে, আপনাকে আর কামড়াবে না।
v বাসায় মশার কয়েল কিংবা স্প্রে নেই? নো চিন্তা! মশা মারার স্প্রের ভিতরে পানি ঢুকিয়ে স্প্রে করতে থাকুন। মশা স্প্রে দেখেই ভয়ে পালিয়ে যাবে।
v ফ্রিজের নিচে কিংবা ফুলের টবে পানি জমে আছে? মশা কি এখানে এসে ডিম পাড়ে? তাহলে আপনার দেরি কেন? পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিন, মশা ডিম পাড়তে গিয়ে ঘুমিয়ে পড়বে কিন্তু ডিম আর পাড়া হবে না।
v মশা কি আপনার চারপাশে এসে গান শোনায়? আপনি বসে থাকবেন কেন? মশা এলেই ম. রহমানের গান কিংবা বিটিভির বাতাবি লেবুর চাষ চালু করে দিন। মশা এগুলি দেখতে টিভির সামনে বসে যাবে, আপনাকে আর জ্বালাবে না।
v বাসায় কি পর্যাপ্ত পরিমাণে তেলাপোকা, টিকটিকি আর ইঁদুর মজুদ আছে? তাহলে সময় নষ্ট না করে তাদেরকে মশা ধরা এবং খাওয়ার উপকারিতার উপর সচেতনতামূলক শর্ট কোর্স করিয়ে দিন। এর ফলে তারা সবসময় মশাকে দৌড়ের উপর রাখবে, মশা ঘরে আর শান্তিতে থাকতে পারবে না।
v কোনো প্রক্রিয়ায় মশা থামানো যাচ্ছে না? তাহলে এগুলো শিক্ষিত ও জ্ঞানী মশা। এদের জন্য দেয়ালে ‘ধরিয়ে দিন’ নোটিস টানিয়ে রাখুন। এরা নিজের নিরাপত্তার কথা ভেবে আর ঘরে প্রবেশ করবে না।
