কল্পনায় পেঁয়াজ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৫৩

 

 

‘এক কেজি পেঁয়াজ একশত ষাট টাকা’ পত্রিকায় এমন শিরোনাম পড়ার পর খুব ইচ্ছে হলো পেঁয়াজের বাজারটা ঘুরে আসতে। বাজারে গিয়ে সবচেয়ে তরতাজা উজ্জ্বল বর্ণের সুন্দরী কিছু পেঁয়াজের দিকে নজর পড়ল আমার। ভাবলাম, দাম বাড়লেও পেঁয়াজের মানও বেড়েছে। পেঁয়াজের দিকে হাত বাড়াতেই একটি পেঁয়াজ বলে উঠল, ‘মশাই করেন কী, গায়ে হাত দিচ্ছেন কেন? আমি খুব ইতস্তত বোধ করলাম। বললাম, ‘কেন? সারাজীবন তো পেঁয়াজ হাতে ধরে ভালো করে দেখে তারপর কিনেছি।’ পেঁয়াজ রেগে বলল, ‘আগের দিন ভুলে যান মিয়া ভাই। এখন আমাদের দাম বেড়েছে, স্ট্যাটাসও বেড়েছে। এভাবে যখন-তখন আমাদের গায়ে হাত দেবেন, তা আর হবে না।’ জানতে চাইলাম, ‘শুধু এই সামন্য কারণে প্রতিটি পেঁয়াজের মূল্য এত বেড়েছে?’ পেঁয়াজ এবার আরো ক্ষীপ্ত হয়ে বলল, ‘এটাকে সামান্য কারণ বলছেন মশাই? চিন্তা করুন, মানুষ এখন পেঁয়াজ শুধু খায়ই না, বরং মাথায় দেয়, মুখে দেয়। পেঁয়াজ হলেও আমাদের একটা মানসম্মান আছে। আমরা সস্তা ছিলাম বলে আপনারা যা খুশি তাই করেছেন। এবার বেশি দাম দিয়ে কিনে ওসব করুন। দেখব কেমন লাগে?’ পেঁয়াজের এমন যুক্তির কাছে আমি হেরে গেলাম। তাই পেঁয়াজ না নিয়েই ফিরে আসছিলাম। এমন সময় একটি পেঁয়াজ ডেকে বলল, ‘কী হলো ভাই, পেঁয়াজ না নিয়েই চলে যাচ্ছেন? আমি বললাম, না মানে...। পেঁয়াজ বলল, ‘রেগে গেলেন তো, হেরে গেলেন।’ এমন কথা শুনে ভয়ে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি মনে মনে খুশি হলাম এই ভেবে, ঘটনাটা তাহলে সত্যি নয়।

খিলক্ষেত, ঢাকা