পুরুষ-নারী সমান রঙিন
প্রকৃতির এই ক্যানভাসে
কিন্তু এমন ভেদের দেওয়াল
বলতে পারেন ক্যান্ বাসে?
সকল সিটেই বসবে নারী
কিন্তু লেডিস সিটটা যে
নারীর একার! দণ্ড পাবে
রাখবে তাতে পিঠটা যে!
পুরুষ লোকের ওপর কেন
এমন জুলুম কন্ দেখি?
সরব হওয়া উচিত না বস্
এমন নিয়ম বন্ধে কি?
দুঃখ এটাই—নিয়মকানুন
পুরুষ দ্বারাই নির্মিত
এসব অবাক ব্যাপার দেখে
খেতেই হবে ভিড়মি তো!
নিজের প্রতি কেউ পারে না
হতে এমন বৈরী তো
প্রতিবাদে নামব পথে
আপনি দাদা তৈরি তো?
