রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলীরা দুই জন করে ড্রাইভার নিয়ে সরকারি গাড়ি ব্যবহার করছেন। একই পদে বেতন-ভাতা তুলছেন সবাই।
চালক আব্দুর রশিদ বলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গাড়ির মূল চালক আবুল কাশেম। কিন্তু তিনি গাড়ি চালাতেই পারেন না। তাই নাটোর থেকে কয়েক মাস আগে তাকে (আব্দুর রশিদ) রাজশাহীতে বদলি করে আনা হয়েছে। উপবিভাগীয় প্রকৌশলী-১ ইউনুস আলীর ড্রাইভার আতাউর রহমান বলেন, গোলাম রসুলও একই গাড়ির ড্রাইভার। কিন্তু তিনি রোলার চালান।
সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষপালন শাখার প্রধান সহকারী জায়নুল আবেদিন বলেন, আদালতে রিটের পর ওয়ার্কচার্জ ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের বেশির ভাগেরই চাকরি স্থায়ী হলেও অনেকেই বাদ পড়েছেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জোহা বলেন, একই পদে দুই জন করে নিয়োগ ও বেতন-ভাতা তোলার ঘটনাটি অনিয়ম হলেও আপাতত তাদের কিছুই করার নেই।
