বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনাল এলাকা থেকে শনিবার দেশি-বিদেশি মুদ্রাসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। আইসিপি বিজিবি চেকিং পয়েন্টের সদস্যরা এ সময় এমদাদুল হক নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেন। আটক পাসপোর্ট যাত্রী ঢাকার গাজীপুর জেলার কালাইভিটা গ্রামের ফজলুল হকের ছেলে।
যশোর ব্যাটালিয়নের (৪৯-বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপির নায়েব সুবেদার মোঃ আবুল কাশেমের নেতৃত্বে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেইন পিলার ১৮/৭-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইসিপি প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ২০ হাজার ২০০ মার্কিন ডলার, ৭ হাজার ৫০০ ভারতীয় রুপি, ১৮ হাজার বাংলাদেশি টাকা এবং ০৭টি স্মার্টফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
