সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:১১

সিরাজগঞ্জ প্রতিনিধি

’৭১-এর ডিসেম্বরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেমন পাকহানাদারদের এ দেশের মাটি থেকে চির বিদায় জানিয়েছিল বাংলার মুক্তিকামী মানুষ। ঠিক তেমনিভাবেই সেই বিজয়ের মাসেই মৌলবাদী আর সন্ত্রাসী জামায়াত-বিএনপিকে ভোটের মাধ্যমেই রাজনৈতিক গগন থেকে চির বিদায় জানাবে এ দেশের শান্তিপ্রিয় জনগণ।

শনিবার সকালে শাহজাদপুর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি সাবেক মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস এ সব কথা বলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন বলেন, তাদের সরকারের ব্যর্থতা আর আওয়ামী লীগের সফলতায় প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে অবিভাবক শূন্য বিএনপি। তারা নানা চক্রান্তের মধ্যদিয়ে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। তাদের নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

খুকনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুল্লুক চানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন— মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ লাভলু, ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, অধ্যক্ষ আজাদ রহমান, মোস্তাক আহমেদ, শাহজাহান আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল লতিফ বিশ্বাস আরো বলেন, বিগত বিএনপি সরকার আমলে এ দেশের দরিদ্র মানুষরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। আজ আওয়ামী লীগের উন্নয়নের ছোঁয়া শুধু দেশেই নয়— বিদেশিদেরও নজর করেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।