গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগ প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেলের পথসভায় জনতার ঢল নামে। শুক্রবার সন্ধ্যায় গফরগাঁওয়ের পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠের এই পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নৌকার কান্ডারী ফাহমী গোলন্দাজ বাবেল।
পথসভায় ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, নিরপরাধ, নিরীহ গফরগাঁওবাসী বিএনপির নির্যাতনের কথা ভুলে নাই। ১৮ বছর ধরে তারা সেই নির্যাতনের তুষের আগুনে জ্বলছে, যন্ত্রণার আগুনে জ্বলছে।
পাঁচবাগ ইউনিয়ন আওয়ামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে এই পথসভায় পাঁচবাগ ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও বিভিন্ন গ্রাম থেকে হাজারো আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী, সর্মথক নৌকার শ্লোগানে পথসভার চারপাশ মুখরিত করে তোলে। এ সময় নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
পাঁচবাগ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও পাঁচবাগ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবাগ ইউপি চেয়ারম্যান শাহ কামরুল ইসলাম ফকরুল, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, বিশিষ্ট শিল্পপতি ইশতিয়াক আহমেদ সোহেল প্রমুখ।
পাঁচবাগ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হাজার হাজার নেতা-কর্মী, সমর্থকদের অংশগ্রহণে পথসভাটি বিশাল জনসভায় পরিণত হয়।
