পেঁয়াজের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। গতকাল শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
মির্জা ফখরুল বলেন, পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটরা দায়ী এবং এদের পেছনে সরকারের মদতপুষ্টরা জড়িত। রেল দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সরকার রেল পরিচালনা ও সড়কে দুর্ঘটনা রোধে ব্যর্থ। সরকার নিজেই যেখানে লাইনচ্যুত হয়ে গেছে, সেখানে রেল কীভাবে লাইনে থাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি উদ্বিগ্ন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া প্রায় পঙ্গু অবস্থায় চলে এসেছে বলে মেডিক্যাল বোর্ড জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়া আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান।
