নাটোর প্রতিনিধি
শুক্রবার নাটোরে একটি বেসরকারি হাসপাতালের নারী ম্যানেজারের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মিতা খাতুন (২৫)। তিনি জেলার নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামের লাল মহম্মদের মেয়ে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শহরের চকরামপুর এলাকায় জেনারেল হাসপাতালের কাউন্টার ম্যানেজার মিতা খাতুন নিজে অন্যদিনের মতোই হাসপাতালের প্রবেশের গেট খুলে দেন। পরে এক রোগীর স্বজন মিতাকে খুঁজতে গিয়ে হাসপাতালের পঞ্চমতলায় মিতার বসবাসের কক্ষের সামনে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেন তার সহকর্মীরা। খবর পেয়ে নাটোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত ও নাটোর সদর থানার ওসি খন্দকার জালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে হাসপাতালের মালিক জামাল হোসেন জানান, ওইদিন হাসপাতালের সিসি ক্যামেরায় দুইজন যুবককে দ্রুতগতিতে সকালে হাসপাতালে ঢুকতে এবং বের হতে দেখা গেছে। নাটোরের গোয়েন্দা পুলিশ তদন্তের জন্য সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে, থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই রুমে বসবাসকারী অপর দুইজনকে নিয়ে গেছে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বলেছেন, কারা কি কারণে মিতাকে হত্যা করেছে তা তদন্ত শেষে জানানো যাবে।
