বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক পর পর দুইবার এমপি নির্বাচিত হন। এবার তার নির্বাচনী প্রচারণায় একের পর এক চমক সৃষ্টি করে চলেছেন তিনি। এসব প্রচারণায় সাধারণ পথচারীসহ নজর কাড়ছেন এলাকাবাসীর। শুক্রবার ইঞ্জিনিয়ার এনামুল হক তার ব্যবসায় প্রতিষ্ঠান সাঁকোয়ার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ থেকে এমনই এক ব্যতিক্রমী প্রচারণার উদ্বোধন করেন। এই প্রচারণায় অর্ধশতাধিক কিশোর বাইসাইকেল নিয়ে পর্যায়ক্রমে গোটা উপজেলা প্রদক্ষিণ করবে। এসব কিশোরের গায়ে রয়েছে হলুদ টি-শার্ট ও মাথায় হেলমেট। এছাড়া তাদের সাইকেলের সামনে রয়েছে নৌকা প্রতীকের একটি পতাকা ও একটি প্ল্যাকার্ড। তারা সারিবদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে ধীরে ধীরে সাইকেল চালিয়ে গোটা উপজেলা প্রদক্ষিণ করতে থাকবে।
এমন ব্যতিক্রমী প্রচার আয়োজন কমিটির প্রধান মনিমুল হক জানান, উন্নত বিশ্বে এভাবেই প্রচার প্রচারণা চালানো হয়। এতে শব্দ দূষণ ও পরিবেশ দূষণ হওয়ার কোনই সম্ভাবনা নেই। এমন প্রচারণায় মানুষ বেশি উত্সাহিত হয়।
তিনি আরো জানান, সাইকেল র্যালিসহ আমাদের আরো বিভিন্ন রকমের ব্যতিক্রমী প্রচারণার ব্যবস্থা রয়েছে। এসব প্রচারণায় নৌকায় ভোট চাওয়াসহ সাধারণ মানুষের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাসেজও পৌঁছে দেওয়া হবে।
সাইকেল র্যালি উদ্বোধন করে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, নৌকা কল্যাণের প্রতীক, উন্নয়নের প্রতীক, ভরসার প্রতীক। নৌকায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয় না। সবার জীবনেই উন্নয়ন বয়ে আনে নৌকা। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ুন।
