বটিয়াঘাটায় সেরা মেধাবীদের সংবর্ধনা দেওয়া হবে আজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৪

এসএসসি নির্বাচনী অভীক্ষা

 আব্দুল হামিদ, বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা

এসএসসি পরীক্ষার আগে বটিয়াঘাটা উপজেলার স্কুলগুলো থেকে সেরা চারজন করে পরীক্ষার্থী নিয়ে ‘সেরাদের সেরা’ নামের একটি নির্বাচনী অভীক্ষা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে খুঁজে বের করা হয় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে গোটা উপজেলার সেরা চার মেধাবীকে। প্রতি বছর ১৬ ডিসেম্বর হাজার হাজার লোকের অংশগ্রহণে বিপুল আয়োজনে উপজেলা চত্বরে এদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়। টেস্ট পরীক্ষার পর মেধাবীদের পড়াশোনার গতি ধরে রাখতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও শিক্ষানুরাগী প্রভাস রায় কয়েক বছর আগে নিজ উদ্যোগ, স্বেচ্ছাশ্রম ও খরচে এই অভীক্ষার প্রচলন করেন। বিপুল উত্সাহে এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

গত ১২ ডিসেম্বর উপজেলার ২০টি স্কুলের ৮৭ মেধাবী ছাত্র-ছাত্রী এবারের পরীক্ষায় অংশ নেয়। এতে বিজ্ঞান বিভাগে বটিয়াঘাটা হেড কোয়ার্টারস স্কুলের সাদিয়া ইসলাম প্রথম, ফারজানা আক্তার দ্বিতীয়, হোগলবুনিয়া-হাটবাটী স্কুলের সুপ্রিয় হালদার তৃতীয় ও জলমা চক্রাখালী স্কুলের শেখ রুয়েন রহমান ৪র্থ হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে জলমা চক্রাখালী স্কুলের সৌরভ বিশ্বাস ১ম, ডেউয়াতলা স্কুলের শংকর সরদার ২য়, বটিয়াঘাটা হেড কোয়ার্টারস স্কুলের সুমী আক্তার ৩য় ও হোগলবুনিয়া হাটবাটী স্কুলের রূপা বাছাড় ৪র্থ স্থান পেয়েছে। মানবিক শাখায় বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের মিথিলা বিশ্বাস ১ম, গাওঘরা মাধ্যমিক বিদ্যালয়ের ফাতেমা আক্তার ২য়, হোগলবুনিয়া হাটবাটী স্কুলের জীবিতেষ বিশ্বাস ৩য় এবং বটিয়াঘাটা হেড কোয়ার্টারস স্কুলের দুর্জয় মল্লিক ৪র্থ হয়েছে। অভীক্ষার এই উদ্যোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরী ইত্তেফাককে বলেন, ওই শিক্ষানুরাগীর এ অবদান বিপুল প্রশংসার দাবিদার।