স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ার চারদিন পর গতকাল প্রতীক বরাদ্দ পেয়েছেন। শনিবার বেলা সাড়ে ৩টায় বগুড়ার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ হিরো আলমের হাতে সিংহ প্রতীক তুলে দেন।
মনোনয়নপত্রে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে আপিলেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। হিরো আলম আদালতে গেলে হাইকোর্টের নির্দেশে তাকে মনোনয়নপত্র ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পঞ্চম দিনে এসে গতকাল শনিবার তার প্রতীক সিংহ হাতে তুলে দেয়া হয়।
বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন। এভাবে হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউব সিনেমা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন। ‘মার ছক্কা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। বলিউড পরিচালক প্রভাত কুমারের ‘বিজু দ্য হিরো’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান।
২০১৬ সালে হিরো আলমের সঙ্গে ছবি তুলে ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুকে প্রকাশ করেন। এ নিয়ে বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডের মতো ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন করে। সেখানে হিরো আলমকে বাংলাদেশের বিনোদন জগতের তারকা বলে উল্লেখ করা হয়।
গুগলে কাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়, তার একটি তালিকা করে ইয়াহু ইন্ডিয়া। জরিপে দেখা গেছে, ‘সুলতান’ ও ‘দাবাং’ তারকাখ্যাত সালমান খানের চেয়েও বেশিবার খোঁজা হয়েছে হিরো আলমকে। এবারের বাংলাদেশে নির্বাচনেও গুগল সার্চে শীর্ষে রয়েছেন হিরো আলম।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর আশরাফুল আলম বলেন, ‘হাইকোর্টের আদেশের পাঁচ দিনের মাথায় অবশেষে সিংহ প্রতীক পেয়েছি। নির্বাচনী মাঠে এখন সিংহের মতোই গর্জন দিতে চাই।
