যশোর অফিস
ভাষা আন্দোলনের সক্রিয় সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক কালের সাক্ষী বিমল রায় চৌধুরী বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। বিকালে শহরের বেজপাড়ার বাসভবনের সামনে গার্ড অব অনার প্রদান করা হয়। সন্ধ্যায় নীলগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
১৯৬৬ সালে তেভাগা আন্দোলন মেনে নিয়ে সমাজতান্ত্রিক সরকার কায়েমের শর্তে আওয়ামী লীগে যোগ দেন তিনি। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৮ এপ্রিল কেশবপুর, সাতক্ষীরায় অবস্থান করেন এবং ১৮ এপ্রিল ভারতে প্রবেশ করেন এবং বনগাঁ ক্যাম্পে ৪টি মুক্তিযুদ্ধের শিবিরের দায়িত্ব পালন করেন। ১৮ আগস্ট তিনি পলিটিক্যাল লিয়াজোঁ হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবার দায়িত্ব পালন করেন। তিনি গোহাটি ও সিলং থেকে মুক্তিযুদ্ধের পলিটিক্যাল ট্রেনিং গ্রহণ করেন। ৬ ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার পর ৭ ডিসেম্বর যশোরে ফিরে আসেন তিনি।
