ইত্তেফাক রিপোর্ট
চলতি বছর অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি কলেজ প্রাঙ্গণের ‘শহীদ রুমী উন্মুক্ত মঞ্চ’তে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক্স এরিয়া কমান্ডার ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী। ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ কলেজ থেকে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা ১ হাজার ৩০৫ জন যা সমগ্র দেশে সর্বোচ্চ দ্বিতীয়। এছাড়া ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে।
বর্ণিল এই অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের অধ্যক্ষ, প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
