ভারতের সঙ্গে চুক্তি জানতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিএনপির

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরের সময় করা চুক্তির বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল রবিবার চিঠিটি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া চিঠিটি গ্রহণ করেন।

বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী এখন সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে রয়েছেন। তার পক্ষে আমি আপনাদের চিঠি গ্রহণ করেছি। তিনি দেশে ফেরার পরে চিঠিটি পৌঁছে দেব।

আলাল বলেন, বিএনপি মহাসচিব স্বাক্ষরিত প্রধানমন্ত্রী বরাবর লেখা চিঠিতে বলা আছে, সম্প্রতি ভারত ও অন্যান্য দেশে সফরকালে যেসব চুক্তি করা হয়েছে তা জনসম্মুখে প্রকাশ এবং তার মধ্যে দেশের স্বার্থবিরোধী কিছু আছে কি না, সেটা পর্যালোচনা করার সুযোগ দেওয়া হোক। আমরা দেখেছি শুধু জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী কথা বলেছেন। কিন্তু এ সম্পর্কে জাতীয় সংসদে আলোচনা হয়নি। এমনকি রাষ্ট্রপতির কাছেও ফাইল গিয়েছে কি না সাধারণ মানুষ কিছু জানে না। সংবিধানের ১৪৫/ক ধারায় এটা সংসদে পেশ করার এবং জনগণের জানার অধিকার রয়েছে। অবিলম্বে এটা সংসদে আলোচনার টেবিলে আনা হোক। যাতে এটা পাবলিক ডিসকাশনের ব্যবস্থা হয়।

সংসদে বিএনপির প্রতিনিধিরা বিষয়টি উত্থাপন না করে কেন চিঠি দেওয়া হলো—এ প্রশ্নের জবাবে আলাল বলেন, সংসদে আমাদের এমপিরা কয়েক দফা এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেছেন, নোটিশ দিয়েছেন। তাদের সে নোটিশ গ্রহণ করা হয়নি। কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমরা উপায় না পেয়ে চিঠি দিলাম।