আমাদের মধ্যে দেশপ্রেম অনেকাংশেই কমে গেছে --------------- মাহী বি চৌধুরী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:০৫

মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ মাহী বি চৌধুরী বলেছেন, ‘আমাদের মধ্যে দেশপ্রেম অনেকাংশেই কমে গেছে। আজ আমরা নিজেদের দেশকে নিয়েও হাসাহাসি করতে ভুল করি না। অথচ এই দেশ যে আমার মাতৃভূমি, আমার মায়ের মতো, তা আমরা ভুলে যাচ্ছি। আমাদের উচিত দেশকে সম্মান করা, দেশের সুনাম বিভিন্ন প্রচারমাধ্যমে চারদিকে ছড়িয়ে দেওয়া। তবেই হব আমরা সার্থক দেশপ্রেমিক।’

শনিবার বিকালে তিনি খাহ্রা আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজে নবীনবরণ ও চারতলাবিশিষ্ট সেলিনা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, পুরোনো সব ধারণা ঝেড়ে ফেলে পিতার পর ছেলে, ছেলের পর নাতি—এই সকল নেতৃত্ব বাদ দিয়ে আজ থেকেই যেকোনো প্রতিষ্ঠান বা সমাজে পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার লোক তৈরি করতে হবে। মাহী বি চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ আমরা বড়োদের সম্মান করতে ভুলে যাচ্ছি। একটা কথা মনে রাখবে, হিংসা করে কেউ কখনো বড়ো হতে পারে না। আবার কাউকে সম্মান করলেও কেউ কখনো ছোটো হয় না।’

 কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সেলিম খান জুয়েল, ইউনিক গ্রুপের চেয়ারম্যান সেলিনা আলী, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য আজিজুর রহমান ফকু, ওয়েস্টিন হোটেলের জেনারেল ম্যানেজার ড্যনিয়াল মহর, জনতা ব্যাংকের (এজিএম) এস এম জাহাঙ্গীর আলম, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদার, কলেজ অধ্যক্ষ আজিজুল ইসলাম প্রমুখ।