পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত দশ বছরে দেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সকল ক্ষেত্রের উন্নয়ন বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর নজর কেড়েছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের এক রোল মডেল। গতকাল শনিবার কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন।
এলাকার জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও শান্তি চাইলে নৌকায় ভোট দিন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকলে দেশ আরও উন্নত হবে। আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। এই উন্নয়নের ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে সেজন্য আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করুন। পথসভায় লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, গোলাম জিলানী, অধ্যাপক আলমগীর হোসেন অপু, যুবলীগ নেতা কামরুল ইসলাম শাহীন, মোতালেব হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
