লেবু মিয়ার সংসার চলে কাগজের ফুল বিক্রি করে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:৩০

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

কাগজের ফুল বিক্রি করে লেবু মিয়ার (৪২) সংসার চলে। সকাল থেকে দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় ফেরি করে ফুল বিক্রি করেন তিনি। দিন শেষে আয়ের টাকায় সংসারের প্রয়োজন মেটাতে পেরে দিনের কষ্ট ভুলে যান লেবু মিয়া।

জানা যায়, নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা লেবু মিয়া (৪২) সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বসবাস করেন। জীবিকার টানে লেবু মিয়া নওগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে জনবহুল বাসস্ট্যান্ডে ফুল বিক্রি শুরু করেন। এখানে তেমন বিক্রি না হওয়ায় লেবু মিয়া ফেরি করে ফুল বিক্রি করতে থাকেন।

বিশেষ করে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেন স্কুলের সামনে, ঘনবসতিপূর্ণ এলাকার রাস্তার মোড়ে মোড়ে তার ফুল বিক্রি হয় বেশি। দৈনিক আড়াইশ থেকে তিনশ’ পিস ফুল বিক্রি করতে পারেন তিনি। প্রতিটি ফুল ১০ টাকা করে বিক্রি করা হয়। বিশেষ করে ৪ থেকে ১০ বছর বয়সীর শিশুরাই তার প্রধান ক্রেতা।

লেবু মিয়া জানান, নওগাঁ এলাকায় বেশিরভাগ বাড়িতে মহিলারা রঙ্গিন কাগজের ফুল ও চরকি তৈরি করেন। নওগাঁ থেকে প্রতিটি ফুল বা চরকি ৫ টাকা হিসাবে প্রতি মাসে ৫ হাজার টাকার ফুল ও চরকি ক্রয় করে সিদ্ধিরগঞ্জ নিয়ে আসেন তিনি। প্রতি মাসে একবার এনে সারা মাস বিক্রি করেন। এতে তার দৈনিক আয় হয় ৫ থেকে ৬ শ’ টাকা। সকাল থেকে দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার শিশুদের স্কুল কিংবা ঘনবসতি পূর্ণ এলাকার রাস্তার মোড়ে ফেরি করে ফুল ও চরকি বিক্রি করেন। ১০ টাকার কাগজের ফুলে শিশুর মুখে লাখ টাকার হাসিই সারাদিনের কষ্ট ভুলিয়ে তাকে পরদিন ফুল বিক্রি করতে উত্সাহ যোগায়। লেবু মিয়ার সংসারে তার স্ত্রী ছাড়াও রয়েছে দুই ছেলে। ফুল বিক্রির আয়ে তার সংসার বেশ ভালই চলছে।