নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হবে চলতি বছরের ১৯ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়টি নেপালের সবচেয়ে বৃহত্তম এবং প্রাচীন বিশ্ববিদ্যালয়। পৃথিবীর ১০ম বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এটি বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন : খুলনায় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি উপাচার্যের নিকট এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের প্রধানমন্ত্রী এবং ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর উক্ত সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সাক্ষাৎকালে ডা. বংশীধর মিশ্র আশা প্রকাশ করে বলেন, ‘ঢাবি উপাচার্যের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।’
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘকাল ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। নেপালের বহু শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে।
ইত্তেফাক/এমআরএম
