g দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
দেশে পর্যাপ্ত উন্নয়ন হয়েছে যা আগামী পাঁচ বছর পর দৃশ্যমান হবে। তবে প্রশাসনের কিছু খারাপ আচরণের জন্য সরকারের সব অর্জন ম্লান করে দেবে। কথাগুলো বলেছেন, প্রখ্যাত শিল্পপতি যমুনা গ্রুপের স্বত্বাধিকারী নূরুল ইসলাম বাবুল। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে প্রশাসনের নিরপেক্ষতা দাবি করেছেন। তিনি শনিবার দুপুরে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। নবাবগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় নূরুল ইসলাম বাবুল বলেন, তাঁর স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এ আসনের বর্তমান সাংসদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর স্ত্রী এ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নূরুল ইসলাম বাবুল অনেকটা অভিযোগের সুরে বলেন, প্রশাসনের কাছে নিরপেক্ষতা পাইনি। কোনো কারণ ছাড়াই দোহারে দলের কয়েকজন কর্মীকে পুলিশ আটক করেছেন। স্থানীয়ভাবে প্রচার-প্রচারণায়ও বাধা দেওয়া হচ্ছে।
