বিটিএমএ’র নতুন নেতৃত্ব

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:৩৭

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) ৩৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার রাজধানীর কাওরানবাজারের ইউনিক ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির বিদায়ী প্রেসিডেন্ট তপন চৌধুরীর সভাপতিত্বে সভায় সমিতির ২০১৭-২০১৮ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাবসহ পরিচালনা পর্ষদের রিপোর্ট অনুমোদিত হয়। সভায় বিটিএমএ’র নির্বাচন কমিশনের চেয়্যারম্যান ও সংগঠনটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন ২০১৯ ও ২০২০ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচালকসহ বিটিএমএ’র প্রেসিডেন্ট ও ৩ জন ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করেন। বর্তমান সহ-সভাপতি ও ম্যাকসন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী খোকন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস-প্রেসিডেন্ট হিসেবে সামসুল আলামিন গ্রুপের পরিচালক আলমগীর শামসুল আলামিন, নরসিংদীর আবেদ টেক্সটাইল প্রসেসিং মিলসের পরিচালক আবদুল্লাহ আল মামুন ও মাহিন গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদও  ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি