কর্মজীবী মায়েদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প উদ্বোধন
ভোলা প্রতিনিধি কর্মজীবী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভোলায় মঙ্গলবার দুই দিনব্যাপী ফ্রি হেলফ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ আয়োজনে অনুষ্ঠানে সভাপত্বিত করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের চিকিত্সক ডা. সুব্রত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভার মাধ্যমে এ দায়িত্ব গ্রহণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও ফরিদা ইয়াসমিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উপস্থিত ছিলেন পুরুষ ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, ফরিদা ইয়াসমিন, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম প্রমুখ।
কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রবি ও তত্পরবর্তী খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
এগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি উপ-পরিচালক মো. আমীর হামজা। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন, ডামুড্যা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, ডামুড্যা পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।
নড়াইলে বিশ্ব টয়লেট দিবস পালিত
নড়াইল প্রতিনিধি নড়াইলে মঙ্গলবার নানা কর্মসূচিতে পালিত হয়েছে বিশ্ব টয়লেট দিবস। স্বাবলম্বী বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠন, সাপ্তাহিক ও অনলাইন পত্রিকা ‘নড়াইল কণ্ঠ’, ‘টিম তারুণ্য ১০০’ ও ‘চলো পালটাই’-এর উদ্যোগে আব্দুল হাই সিটি কলেজ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মল্লিক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকদার জাকির হোসেন, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কোহিনূর আক্তার প্রমুখ।
কামাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির জন্য চারজন অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন মঙ্গলবার আনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে লাভলু হাসান ফারুক, ডা. মো. ইসমাইল মোল্লা, কামরুল ইসলাম ও ডা. মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যদের করণীয় শীর্ষক কর্মশালা
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা চিলমারীতে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যদের করণীয় শীর্ষক কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ্র সভাপতিত্বে কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা ঐক্য ন্যাপের বর্ধিত সভা
নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলা ঐক্য ন্যাপের বর্ধিত সভা মঙ্গলবার নরসিংদী স্টেশন রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি মো. আতাউর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাবির সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা। আরো বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খন্দকার, ন্যাপনেতা চিত্ত রঞ্জনসাহা, কালীপদ দাস, মহব্বত আলী, রফিকুল ইসলাম (চাঁন মিয়া মাস্টার) প্রমুখ।
বিনাধান-১১ ওপর মাঠ দিবস
গোপালগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জলমগ্নতা সহিষ্ণু ও স্বল্প মেয়াদি আমন ধানের জাত বিনাধান-১১ ওপর গোপালগঞ্জে মঙ্গলবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের উদ্যোগে সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কৃষক পরিতোষ মণ্ডলের খেতে উত্পাদিত এ জাতের ধান কেটে মাঠ দিবস করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি রমেশ চন্দ্র ব্রহ্ম। গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক মো. মিজানুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আশুগঞ্জের প্রান্তিক পাঁচ শতাধিক কৃষকের মধ্যে মঙ্গলবার বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক শ্রীনিবাস দেবনাথ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. আবু নাসের, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ প্রমুখ।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময়
স্টাফ রিপোর্টার, রংপুর তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রংপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং রাজশাহীর মানবাধিকার সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’ ও ‘ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স-সিটিএফকে’-এর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরাফাত রহমান। ‘এসিডি’র মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুলের উপস্থাপনায় মতবিনিময় সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুকরিয়া পারভীনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেরা উপস্থিত ছিলেন।
প্রবীণদের ১৪ দফা অধিকারের দাবি
নাটোর প্রতিনিধি প্রবীণদের ১৪ দফা অধিকার রক্ষার দাবিতে মঙ্গলবার নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ব্রিটিশ কাউন্সিলের প্ল্যাটফরম ফর ডায়ালগের সহযোগিতায় ও চলন্তিকা গণপাঠাগারের আয়োজনে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের প্ল্যাটফরম ফর ডায়ালগের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্বাস আলী প্রমুখ।
০
