শ্রমিকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে হাইকোর্ট

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২২:০৮

শিপ ব্রেকিং ইয়ার্ড

ইত্তেফাক রিপোর্ট

শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা বিষয়ে অনুসন্ধান, দায়ী ইয়ার্ডের বিরুদ্ধে শাস্তি ও সংশোধনমূলক পদক্ষেপ, নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিত্সা ও পুনর্বাসনের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ৫ জানুয়ারি এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে শ্রম ও কর্মসংস্থান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ, বিস্ফোরক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেয়।

শিপ ব্রেকিং ইয়ার্ডের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি  (বেলা)। এতে বলা হয়, শিপ ব্রেকিং ইয়ার্ডে নিয়োজিত শ্রমিকদের স্বার্থ রক্ষায় হাইকোর্ট দফায় দফায় নির্দেশনা দিয়ে রায় দিয়েছে। কিন্তু ঐ রায় প্রতিপালন না করায় জাহাজ ভাঙতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯৪ জন শ্রমিক। পঙ্গুত্ব বরণ করেছেন ৮৬ জন। বেলা কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী রায়-পরবর্তী ২০২টি দুর্ঘটনার মধ্যে বেশির ভাগই সংঘটিত হয়েছে চিহ্নিত ৪১টি ইয়ার্ডে। এসব ইয়ার্ড বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে এই আবেদনে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে সহায়তা করেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর।